September 29, 2026, 2:53 am

বাবার মুক্তির অপেক্ষায় ছোট্ট তুবা, কাঁদছে পুরো পরিবার

অভয়নগর প্রতিবেদক

বরিশালের উজিরপুর উপজেলার বামরাইলে চুরির অপবাদে অনিক সরদারকে বেঁধে মারধরের অভিযোগের ঘটনায় আলোচনায় এসেছে তার চতুর্থ শ্রেণির ছাত্রী মেয়ে তুবা বিনতে অরণি। বাবাকে নির্যাতনের দৃশ্য দেখে তুবা তাকে ছেড়ে দেওয়ার জন্য বারবার অনুরোধ করলেও প্রথমে কেউ তার কথা শোনেনি বলে অভিযোগ। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বাবাকে বেঁধে চা-রুটি খাওয়ানোর ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি দেশজুড়ে আলোচনায় আসে। তুবা কান্নাজড়িত কণ্ঠে বলে, ‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে।’
অনিকের পরিবারের অভিযোগ, গত ২৬ সেপ্টেম্বর মধ্যরাত থেকে সকাল পর্যন্ত স্থানীয় কয়েকজন ব্যক্তি তাকে চুরির অপবাদ দিয়ে বেঁধে মারধর করেন। তুবা জানায়, ভোররাত সাড়ে ৪টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তারা বাবাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করলেও কেউ গুরুত্ব দেয়নি। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। তুবার মা জান্নাত বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন, তার মেয়েকে বাবার নির্যাতন বন্ধের জন্য কান্নাকাটি করতে হচ্ছে। অনিক দাবি করেন, পূর্বশত্রুতা ও জমি নিয়ে বিরোধের জেরেই তাকে চুরির অপবাদ দিয়ে নির্যাতন করা হয়েছে; তার কাছ থেকে কোনো চুরি করা মালামাল উদ্ধার বা প্রমাণ দেখানো হয়নি।
সোমবার দুপুরে প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতায় অসুস্থ অনিককে তিন মাসের জন্য একটি পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে। উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা জানান, অনিকের চিকিৎসা ও সুস্থতার জন্য তাকে সেখানে পাঠানো হয়েছে এবং এ সময় পরিবারটির ভরণপোষণসহ সার্বিক সহযোগিতায় উপজেলা প্রশাসন ও সুশীল সমাজ পাশে থাকবে। অনিককে পাঠানোর সময় উজিরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এসএম আলাউদ্দিন নগদ অর্থ দিয়ে পরিবারটিকে সহযোগিতা করেন। তুবার প্রত্যাশা, বাবা সুস্থ হয়ে ফিরে এসে একটি কাজ পাবেন এবং এরপর তাদের পরিবারের কষ্ট অনেকটাই কমে যাবে।



ফেসবুক কর্নার