
ফেনীর পরশুরাম উপজেলায় মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়) আগামী ১ অক্টোবর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি গত ১৬ জুন একনেক সভায় অনুমোদন হয়। এর আওতায় নদী ও জলাধার পুনঃখনন, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পুনর্বাসন, নদীতীর সংরক্ষণ এবং সেচ অবকাঠামো সংস্কার করা হবে। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সোমবার ফেনীর বিভিন্ন এলাকা পরিদর্শন করে প্রস্তুতি দেখেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
জেলা প্রশাসন সূত্র জানায়, প্রধানমন্ত্রী পরশুরামের ঘাটঘর এলাকায় মুহুরী নদীর তীরে প্রকল্পটির উদ্বোধন করবেন। পরে জনসভায় বক্তব্য দেবেন তিনি। এরপর ফুলগাজীতে গিয়ে খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ার সরকারি দপ্তরে স্থাপিত ৯৬২ দশমিক ৫ কিলোওয়াট ক্ষমতার সৌর প্যানেলও উদ্বোধন করবেন। ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠের কর্মসূচিতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-পুরোহিতদের ভাতা এবং দরিদ্র শিক্ষার্থী ও অসহায় মানুষের সহায়তা কার্যক্রমে অংশ নেওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে পরশুরাম ও ফুলগাজীতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। অনুষ্ঠানস্থল রেড, ইয়েলো ও হোয়াইট—তিন জোনে ভাগ করা হবে এবং দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এসএসএফ, পুলিশ, এসআরবি, বিজিবি, কোস্ট গার্ডসহ বিভিন্ন বাহিনী নিরাপত্তায় থাকবে। এদিকে ঘাটঘর এলাকায় জনসভাস্থল, অস্থায়ী হেলিপ্যাড, মঞ্চ ও অন্যান্য অবকাঠামো নির্মাণের কাজ চলছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পানি ও স্যানিটেশন ব্যবস্থা করছে এবং সড়ক বিভাগ গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার করছে। স্থানীয়রা বন্যা-নদীভাঙনের স্থায়ী সমাধানসহ মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয়, আন্ডারপাস, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নের প্রত্যাশা করছেন।