September 29, 2026, 1:26 pm

অপরাধীর পরিচয় অপরাধী, দল নয়: আইজিপি মো. আলী হোসেন ফকিরের কঠোর নির্দেশ

অভয়নগর প্রতিবেদক

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের কঠোরভাবে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, অপরাধীর কোনো দলীয় পরিচয় বিবেচনার সুযোগ নেই। অপরাধীর একমাত্র পরিচয় সে অপরাধী। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পুলিশ সদর দপ্তরে আগস্ট ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এসব নির্দেশ দেন। একই সঙ্গে কিশোর অপরাধীদের বিরুদ্ধেও যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আইজিপি।
সভায় আইজিপি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। মাদক কারবার ও বিস্তার রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং গুজব ও অপপ্রচার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেন তিনি। সভায় অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. সায়েদুর রহমান কিশোর গ্যাংয়ের পেছনে কোনো প্রভাবশালী ব্যক্তি রয়েছে কি না, তা খুঁজে বের করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
সভায় আগস্ট মাসের গুরুত্বপূর্ণ ঘটনাসহ দেশের সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। ডাকাতি, দস্যুতা, হত্যা, ধর্ষণ, পুলিশ আক্রান্ত ও অপহরণ মামলার পরিস্থিতি, মুলতবি মামলা, গ্রেপ্তারি পরোয়ানা, তদন্ত ও বিচারের অগ্রগতি এবং সাজার হার নিয়ে আলোচনা হয়। দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি ইউনিটকে নিজস্ব নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ঠেকাতে সতর্ক থাকা এবং দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের বডি ওর্ন ক্যামেরা যথাযথভাবে ব্যবহারের নির্দেশ দেওয়া হয়। সভায় মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি যুক্ত ছিলেন



ফেসবুক কর্নার