September 29, 2026, 2:58 pm

জামাতা গ্রেপ্তার: বিবৃতিতে অবস্থান জানালেন জামায়াত এমপি

অভয়নগর প্রতিবেদক

মিজানুরের গ্রেপ্তার নিয়ে সংবাদে আপত্তি আব্দুল গফুরের
রাজধানীর নিউ গ্রিন প্রপার্টিজে হামলার অভিযোগে কুষ্টিয়া-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে নিজের অবস্থান তুলে ধরে বিবৃতি দিয়েছেন আব্দুল গফুর। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমকর্মীদের কাছে বিবৃতিটি পাঠান কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক।
বিবৃতিতে আব্দুল গফুর দাবি করেন, মিজানুর রহমানকে তার নিজস্ব বাসা থেকে গ্রেপ্তারের যে তথ্য প্রকাশিত হয়েছে, তা মিথ্যা ও ভিত্তিহীন। ঢাকার মাটিকাটা এলাকায় তার কোনো ব্যক্তিগত বাসা নেই এবং তিনি সরকারি বরাদ্দের ‘ন্যাম ভবন’-এ থাকেন। তিনি বলেন, মিজানুরের সঙ্গে ঘটে যাওয়া বিষয়টি সম্পূর্ণ ব্যক্তিগত ও ব্যবসায়িক এবং এর সঙ্গে তার বা বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। তার দাবি, নিউ গ্রিন প্রপার্টিজের সঙ্গে মিজানুরের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক ছিল এবং পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে তিনি আইনানুগভাবে মামলা করেছিলেন।
আব্দুল গফুর আরও দাবি করেন, পাওনা টাকার একটি অংশ পরিশোধের পর অবশিষ্ট টাকা না দেওয়ার উদ্দেশ্যে প্রতিষ্ঠানটির মালিক সাইফুল ইসলাম পাল্টা মামলা করেন, যা পরে খারিজ হয়ে যায়। সাম্প্রতিক ভাঙচুরের ঘটনায় মিজানুরের সংশ্লিষ্টতা নেই বলেও দাবি করেন তিনি। তার অভিযোগ, ব্যক্তিগত ব্যবসায়িক বিরোধকে রাজনৈতিক রং দিয়ে জামায়াতে ইসলামী ও তাকে হেয়প্রতিপন্নের চেষ্টা চলছে। সংশ্লিষ্ট গণমাধ্যমকে একতরফা তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ না করে সব পক্ষের বক্তব্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং বিভ্রান্তিকর প্রতিবেদন সংশোধনের আহ্বান জানান তিনি।



ফেসবুক কর্নার