September 29, 2026, 3:00 pm

মাদরাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার

অভয়নগর প্রতিবেদক

টাঙ্গাইলের ঘাটাইলে ৯ বছর বয়সী এক মাদরাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে হানিফ আলী নামে এক শিক্ষকের বিরুদ্ধে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার পূর্ব লোকেরপাড়া এলাকার মারকাযুল কোরআন রিজিয়া ফজলুর রহমান হাফিজিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, ওই রাতে শিক্ষক হানিফ শিশুটিকে অফিসকক্ষে ডেকে নিয়ে প্রথমে শরীর ম্যাসাজ করান এবং পরে যৌন নির্যাতন করেন। ঘটনার কথা কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও পরিবারের দাবি।
পরদিন শুক্রবার অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে শিশুটি মায়ের কাছে ঘটনা জানায়। পরে পরিবারের সদস্যরা মাদরাসায় গিয়ে বিচার দাবি করেন। ঘটনার খবর ছড়িয়ে পড়লে রোববার (২৭ সেপ্টেম্বর) স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও মাদরাসা কর্তৃপক্ষের মধ্যে ক্ষোভ দেখা দেয়। একপর্যায়ে স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। শিশুটির মা ও চাচা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তির সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
স্থানীয়দের দাবি, এর আগেও ওই মাদরাসায় একই ধরনের ঘটনা ঘটেছিল। সে সময় অভিযুক্ত শিক্ষক হানিফ আগের ঘটনায় জড়িত এক শিক্ষককে পালিয়ে যেতে সহযোগিতা করেছিলেন বলেও অভিযোগ করেন তারা। তবে এ অভিযোগ স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। লোকেরপাড়া ও এস ফাযিল মাদরাসার সহসভাপতি কাওসার আহম্মেদ কায়েসও ঘটনার সুষ্ঠু তদন্ত ও শাস্তির দাবি জানিয়েছেন। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকসেদুর রহমান বলেন, অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।



ফেসবুক কর্নার