September 29, 2026, 2:12 pm

শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই: হুমায়ুন কবির

অভয়নগর প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার আর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুনের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আগামীকাল লন্ডনে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে শেখ হাসিনা ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় অনলাইনে যুক্ত হওয়ার বিষয়ে সরকারের অবস্থান জানতে চান এক সাংবাদিক।
জবাবে হুমায়ুন কবির বলেন, ওই সংবাদ সম্মেলন যুক্তরাজ্য সরকার আয়োজন করছে না। তবে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট জায়গায় বিষয়টি জানানো হবে। ভারতে অবস্থান করে শেখ হাসিনা লন্ডনে ভার্চুয়ালি কথা বলার বিষয়টিকে তিনি ‘ওয়ার্থলেস অ্যাক্টিভিটিজ’ বা মূল্যহীন কর্মকাণ্ড হিসেবে মন্তব্য করেন। তিনি বলেন, শেখ হাসিনার এখন আর কিছু নেই এবং তিনি কিংকর্তব্যবিমূঢ় অবস্থায় রয়েছেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা নিজেকে, তাঁর দল ও পরিবারকে শেষ করে দিয়েছেন। তাঁর ভাষ্য, বাংলাদেশে শেখ হাসিনার আর ফিরে আসার কোনো সুযোগ নেই। যারা দেশ থেকে বিতাড়িত বা পালিয়ে যায়, তাদের ফিরে আসার সুযোগ খুব কম থাকে বলেও মন্তব্য করেন তিনি। হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনা পালিয়ে গেছেন এবং বিতাড়িত হয়েছেন; তাঁর রাজনীতি শেষ এবং এখানেই তাঁর রাজনৈতিক পরিসমাপ্তি।



ফেসবুক কর্নার