
আনোয়ার হুসাইন, ভ্রাম্যমাণ প্রতিনিধি:
ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, লুটতরাজ, গুম, খুনসহ সামাজিক অনাচার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এসব সামাজিক অনাচার দূর করতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। ২৯ সেপ্টেম্বর রাজধানীতে আইএবির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, স্বাধীনতার পর বিভিন্ন আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে মানুষ মুক্তির প্রত্যাশা করলেও জনগণের ভাগ্যের কাঙ্ক্ষিত পরিবর্তন হয়নি। বিভিন্ন দলকে জনগণ ক্ষমতায় বসিয়ে পরীক্ষা করলেও বিদ্যমান নীতির মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের পরিবর্তন সম্ভব হয়নি বলে দাবি করেন তিনি। ইসলামী আন্দোলন বাংলাদেশ নীতির প্রশ্নে আপস করেনি এবং ভবিষ্যতেও করবে না বলেও জানান তিনি।
আইএবি মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ৫ আগস্টের পর রাজনীতিতে চাঁদাবাজি ও ধোঁকাবাজির ধারা থাকবে না বলে তারা আশা করেছিলেন। কিন্তু বাস্তবে তা দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি। সম্মেলনে নগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ, নগর উত্তর সভাপতি আতিকুর রহমান মুজাহিদসহ আইএবির কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য দেন। নগর দক্ষিণের সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।