
তত্ত্বাবধায়ক সরকার কীভাবে এবং কাদের নিয়ে গঠিত হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কমিটির চতুর্থ বৈঠক শেষে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি, গঠন প্রক্রিয়া ও কাঠামো নিয়ে উন্মুক্ত আলোচনার প্রয়োজন রয়েছে। এ বিষয়ে সুশীল সমাজসহ সংশ্লিষ্ট সব পক্ষের লিখিত প্রস্তাব ও গঠনমূলক পরামর্শ আহ্বান করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ জানান, জুলাই জাতীয় সনদে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কিছু প্রস্তাবের পাশাপাশি ভিন্নমতও রয়েছে। কোন ধাপে কীভাবে এ সরকার কাঠামো গঠিত হবে, সে বিষয়ে বিভিন্ন বিকল্প এখনো উন্মুক্ত। জাতীয় সংসদে পর্যালোচনার পর জাতির জন্য উপযুক্ত প্রস্তাব গ্রহণ করা হবে বলে জানান তিনি। বৈঠকে গণমাধ্যমের বিস্তৃত প্রতিনিধি দলের মতামত নেওয়া হয়েছে। এর আগে সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের মতামত নেওয়া হয়। অংশগ্রহণকারীদের লিখিত প্রস্তাব দ্রুত জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিশেষ কমিটি পর্যায়ক্রমে সংবিধান বিশেষজ্ঞ, আইনজীবী, শিক্ষাবিদ, সাবেক ও বর্তমান বিচারক, বিভিন্ন সামাজিক শক্তি এবং জুলাই গণঅভ্যুত্থানের তরুণ অংশীদার ও শহীদ পরিবারের প্রতিনিধিদের মতামত নেওয়ার পরিকল্পনা করেছে। বৈঠকে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এবং বিচারব্যবস্থাকে প্রভাবমুক্ত রাখার বিষয়েও আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান সংশোধন প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক পক্ষকে বাদ দেওয়া হবে না এবং বিরোধী দলসহ সব পক্ষকে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। বিশেষ কমিটির চূড়ান্ত প্রতিবেদন সংসদে বিল আকারে উত্থাপন করা হবে বলে জানান তিনি।