September 29, 2026, 7:16 pm

মৌলভীবাজারে পৃথক দুর্ঘটনায় একই দিনে দুজনের মৃত্যু

হাবিবুর রহমান নাজমুল, মৌলভীবাজার ব্যুরো

মৌলভীবাজারের রাজনগরে একই দিনে পৃথক দুটি দুর্ঘটনায় সিএনজি অটোরিকশাচালকসহ দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চাটুরা এলাকায় মৌলভীবাজার-কুলাউড়া সড়কে সিএনজি অটোরিকশা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে সুধাময় দেব (৫৫) নামে এক চালক নিহত হন। এ ঘটনায় সিএনজিতে থাকা আরও দুই যাত্রী আহত হয়েছেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মৌলভীবাজার থেকে রাজনগরগামী সিএনজি অটোরিকশা (মৌলভীবাজার-থ-১২-৪৯০১) এবং বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৩-৫৯৬৭) মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। পরে সুধাময় দেবকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রস্তুতির সময় তিনি মারা যান। আহত অপর দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে, দুপুর সাড়ে ১টার দিকে রাজনগর সদর ইউনিয়নের দাসটিলা গ্রামের আনছার আলীর ছেলে কাইয়ূম মিয়া (২২) দুই সহপাঠীর সঙ্গে উদনাছড়ায় মাছ ধরতে গিয়ে পানিতে তলিয়ে যান। পরে তাকে উদ্ধার করে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের দাবি, কাইয়ূম দীর্ঘদিন ধরে খিঁচুনি রোগে ভুগছিলেন। রাজনগর থানার ওসি মো. এনামুল হক চৌধুরী জানান, সড়ক দুর্ঘটনায় জড়িত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে এবং পানিতে ডুবে নিহত কাইয়ূমের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে



ফেসবুক কর্নার