
রাতে ঘুমানোর সময় ঘরে সামান্য আলো জ্বালিয়ে রাখার অভ্যাসও হৃদ্যন্ত্রের স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত হতে পারে। যুক্তরাজ্যের ১১ হাজারের বেশি প্রাপ্তবয়স্কের তথ্য বিশ্লেষণ করে এক গবেষণায় দেখা গেছে, রাতে বেশি আলোর সংস্পর্শে থাকা ব্যক্তিদের হৃদ্যন্ত্রের গঠন ও কার্যকারিতায় কিছু সূক্ষ্ম পরিবর্তনের প্রবণতা রয়েছে। গবেষণাটি প্রকাশিত হয়েছে ‘ইউরোপিয়ান হার্ট জার্নাল’-এ।
গবেষণায় ৩ লাক্সের বেশি রাতের আলোর সংস্পর্শকে আলাদাভাবে বিবেচনা করা হয়। সবচেয়ে বেশি আলোতে থাকা ব্যক্তিদের হৃদ্যন্ত্রের বাঁ নিলয়ের ভর ও দেয়ালের পুরুত্ব তুলনামূলক বেশি এবং সংকোচনক্ষমতা কিছুটা কম দেখা গেছে। আরও বড় বিশ্লেষণে ৭৩ হাজার ২৮৬ জনের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, রাতে বেশি আলোর সংস্পর্শে থাকা ব্যক্তিদের মধ্যে হার্ট ফেইলিউর, অ্যাট্রিয়াল ফাইব্রিলেশন, মায়োকার্ডিয়াল ইনফার্কশন ও স্ট্রোকের ঝুঁকি তুলনামূলক বেশি ছিল।
গবেষকেরা জানিয়েছেন, এসব ফলাফল থেকে রাতে আলো হৃদ্রোগের সরাসরি কারণ—এমন সিদ্ধান্তে আসা যায় না। গবেষণাটি পর্যবেক্ষণভিত্তিক হওয়ায় আলো, ঘুম ও হৃদ্স্বাস্থ্যের মধ্যে সম্পর্কই বিশ্লেষণ করা হয়েছে। তাঁদের ধারণা, রাতে আলোর সংস্পর্শে ঘুমের স্বাভাবিক ছন্দে ব্যাঘাত ঘটতে পারে এবং মেলাটোনিনের নিঃসরণ কমতে পারে। তাই অপ্রয়োজনীয় আলো কমিয়ে ঘুমের পরিবেশ যতটা সম্ভব অন্ধকার রাখা উপকারী হতে পারে।