
তানভীর আজাদ, স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া
কুষ্টিয়ার দৌলতপুরে নির্জন মাঠের সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সোয়া ৬টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর সাতবিল মাঠ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, মরদেহটি দুই থেকে তিন দিন আগের এবং নিহতের বয়স আনুমানিক ৩০ বছর। তবে এখনো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কৃষক সানাউল্লাহ মাঠে যাওয়ার সময় সড়কের পাশে শিয়াল দেখতে পান। কাছে গিয়ে ঘাস ও খড় দিয়ে ঢাকা অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে তিনি স্থানীয়দের জানান। পরে খবর পেয়ে দৌলতপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মরদেহের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ঝিনাইদহ থেকে সিআইডির ক্রাইমসিন টিমকে ঘটনাস্থলে ডাকা হয়েছে। ভেড়ামারা-দৌলতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, ঘটনাটি হত্যাকাণ্ড কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। ক্রাইমসিন টিমের পরিদর্শন ও ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।