
বাংলাদেশ পুলিশ পরিবারের কৃতি শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করতে প্রতি বছর ইনস্পেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে মেধাবৃত্তি প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫-এর জন্য নোয়াখালী জেলার বর্তমান ও সাবেক পুলিশ সদস্যদের সন্তানদের মধ্য থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সব বিষয়ে জিপিএ-৫ প্রাপ্ত আটজন মেধাবী শিক্ষার্থীকে মেধাবৃত্তি দেওয়া হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকদের হাতে ক্রেস্ট, সম্মাননাপত্র ও সম্মানী তুলে দেন। এ সময় তিনি মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য অধ্যবসায় ও মনোযোগের সঙ্গে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
পাশাপাশি সন্তানদের পড়াশোনার প্রতি গুরুত্ব দেওয়া, নিয়মিত খোঁজখবর রাখা এবং ভবিষ্যতে ভালো ফলাফলের জন্য উৎসাহিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান পুলিশ সুপার। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।