September 30, 2026, 11:14 pm

বেনাপোল বন্দরে হঠাৎ প্রতিমন্ত্রী, দেখলেন যাত্রীসেবা

রায়হান উদ্দিন, বেনাপোল প্রতিনিধি

নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজীব আহসান আকস্মিকভাবে যশোরের বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে তিনি বন্দরের সার্বিক কার্যক্রম, যাত্রীসেবার মান, নিরাপত্তা ব্যবস্থা ও ইমিগ্রেশন কার্যক্রম সরেজমিনে দেখেন। এ সময় বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মানজারুল মান্নান ও যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম তার সঙ্গে ছিলেন। পরে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে বন্দর সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মানজারুল মান্নানের সভাপতিত্বে সভায় বন্দর কার্যক্রম, যাত্রীসেবার মানোন্নয়ন, নিরাপত্তা জোরদার, ইমিগ্রেশন ও অভিগমন প্রক্রিয়া সহজীকরণ এবং বাংলাদেশ-ভারত সীমান্ত বাণিজ্যের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে বন্দরকেন্দ্রিক বিভিন্ন সরকারি সংস্থার কার্যক্রম, যাত্রীসেবার মান বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। সভায় বেনাপোল স্থলবন্দরের পরিচালক মো. রুহুল আমিনসহ ইমিগ্রেশন, পুলিশ, বিজিবি ও বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে প্রতিমন্ত্রী মো. রাজীব আহসান ও স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মানজারুল মান্নান বেনাপোল-পেট্রাপোল সীমান্তের জিরো পয়েন্ট, ইমিগ্রেশন ও বন্দরের বিভিন্ন শেড পরিদর্শন করেন। এ সময় তারা বন্দরের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি ও যাত্রী চলাচল হওয়ায় বন্দরের নিরাপত্তা, ইমিগ্রেশন ও যাত্রীসেবার মান সরেজমিনে পর্যবেক্ষণ করেন তারা।



ফেসবুক কর্নার