
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী মহানগর ও জেলা কমিটিতে অর্থের বিনিময়ে পদ দেওয়ার অভিযোগসহ বিভিন্ন সাংগঠনিক অনিয়মের অভিযোগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ‘সাথী’ পদ হারিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার। বুধবার (৩০ সেপ্টেম্বর) শাখা শিবিরের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০২৫ সালের কিছু অনিয়মের অভিযোগে তার ‘সাথী’ পদ বাতিল করা হয়েছে।
শাখা শিবিরের সভাপতি মুজাহিদ ফয়সালের স্বাক্ষরিত ৩১ জুলাইয়ের চিঠিতে বলা হয়, নৈতিক পদস্খলন, মৌলিক ইবাদতে উদাসীনতা, নারীদের সঙ্গে অবাধ বিচরণ, অবৈধ অর্থনৈতিক লেনদেন ও সম্পদের তছরুপ এবং সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্যবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তার ‘সাথী’ পদ মুলতবি করা হয়। অভিযোগের যথাযথ জবাব দিতে ব্যর্থ হওয়ায় সেপ্টেম্বরের মাসিক সেক্রেটারিয়েট বৈঠকে পদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে ২০২৫ সালের ৪ ফেব্রুয়ারি শিবিরের তৎকালীন সভাপতি ও বর্তমান রাকসু ভিপি মুস্তাকুর রহমান জাহিদের স্বাক্ষরিত চিঠিতেও আম্মারের বিরুদ্ধে অভিযোগের কথা উল্লেখ করা হয়। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী মহানগর ও জেলা কমিটিতে অর্থের বিনিময়ে পদ বাণিজ্যের অভিযোগের কথা বলা হয়। অভিযোগগুলো নিয়ে ৩ ফেব্রুয়ারির সভায় আলোচনা শেষে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে তার ‘সাথী’ পদ মুলতবির সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে আম্মারের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা পাওয়া যায়নি