দিনাজপুর জেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘কাঞ্চন-১’-এ জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, প্রতিটি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে হবে। অপরাধ দমনে জেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সভায় দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম মঞ্জু এবং দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য রেজওয়ানুল হক উপস্থিত ছিলেন।
এ ছাড়া সভায় জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা সিভিল সার্জন ডা. মো. গোলাম রসূল রাখিসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সরকারি দপ্তরের কার্যক্রমের সমন্বয় ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।