পূর্ব সুন্দরবনে বনদস্যুদের হাতে দুই দফায় অপহৃত ২১ জেলের চার দিনেও সন্ধান মেলেনি। তারা কোথায় ও কী অবস্থায় রয়েছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এতে অপহৃত জেলেদের পরিবার, মহাজন ও সুন্দরবনে মাছ ধরতে যাওয়া অন্য জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তাদের উদ্ধারে কোস্ট গার্ড অভিযান চালাচ্ছে।
কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহাবুব হোসেন জানান, অপহৃত জেলেদের উদ্ধারে ড্রোনের মাধ্যমে দস্যুদের অবস্থান শনাক্তের পাশাপাশি নৌপথে চিরুনি অভিযান চলছে। কোস্ট গার্ড সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। বন বিভাগও জেলেদের নিরাপত্তায় টহল জোরদার করেছে। কোস্ট গার্ড ও বন বিভাগ সূত্রে জানা গেছে, শুক্রবার ও শনিবার পূর্ব সুন্দরবনের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের বিভিন্ন এলাকায় পৃথক হামলায় তিনটি দস্যুদল ২১ জেলেকে অপহরণ করে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মিল্টন রায় বলেন, শনিবার রাতে সাগরসংলগ্ন এলাকায় ১৫ জেলেকে অপহরণ করা হয়। তাদের মধ্যে আরিফ, সগীর, মিঠু, ফেরদাউস, ইব্রাহিম, ইমরান, মোস্তাফিজুর, আলামিন, হানিফ ও মারুফের পরিচয় জানা গেছে। শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শরীফুল ইসলাম জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও কোস্ট গার্ডকে জানানো হয়েছে এবং বনদস্যুদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।