লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভবানীপুর ছেফাতিয়া কামিল মাদ্রাসার নিয়মিত গভর্নিং বডি গঠনে সরকারি গেজেট ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের বিধি উপেক্ষা এবং স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে সরেজমিনে জানা যায়, এডহক কমিটির মাধ্যমে নিয়মিত গভর্নিং বডি গঠনের নির্বাচন সম্পন্ন করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, এডহক কমিটি গঠনসহ নির্বাচন প্রক্রিয়ার বিভিন্ন ধাপেও বিধিবহির্ভূত কার্যক্রম হয়েছে।
অভিযোগে বলা হয়, ২০২৫-২৬ সালের বিধি অনুযায়ী প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী না থাকলে অভিভাবক সদস্য হওয়ার সুযোগ নেই। অথচ আশরাফ আলী ও মহসিন আলীকে অভিভাবক সদস্য নির্বাচিত করা হয়েছে। এছাড়া ভারপ্রাপ্ত অধ্যক্ষ মঞ্জুরুল ইসলামের বাবা সাবেক অধ্যক্ষ মরহুম নুর ইসলামকে দাতা ও প্রতিষ্ঠাতা সদস্য এবং তাঁর আত্মীয় এনামুল হক ও নুর মোহাম্মদকে যথাক্রমে অভিভাবক ও শিক্ষক প্রতিনিধি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানকে সভাপতি করা হয়েছে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম অভিযোগের আংশিক বিষয় স্বীকার করে দাবি করেন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের বিধি মেনেই কমিটি গঠন করা হয়েছে। নির্বাচন পরিচালনাকারী ও একাডেমিক সুপারভাইজার শহিদুল ইসলাম বলেন, অধ্যক্ষের প্রস্তুত করা ভোটার তালিকা ও এডহক কমিটির সভাপতির দেওয়া তফসিল অনুযায়ী আশরাফ আলী ও মহসিন আলী নির্বাচিত হয়েছেন। এডহক কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল মিয়া জানান, নির্বাচন কমিশনের সুপারিশে নিয়মিত কমিটি গঠন করা হয়েছে; কমিটির বৈধতার বিষয়ে নির্বাচন কমিশন বলতে পারবে।