October 5, 2026, 4:40 pm

ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী, আজ দিনভর নানা কর্মসূচি

অভয়নগর প্রতিবেদক

দিনব্যাপী সফরে ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে তিনি ফেনীতে পৌঁছান বলে জানান প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু। এর আগে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে পরশুরামের উদ্দেশে রওনা হন তিনি। ফেনীর বিভিন্ন কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে।
সফরের শুরুতে পরশুরাম উপজেলার খোয়াইঘাট-মুহুরী ব্রিজ এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে অনুমোদিত প্রকল্পটির আওতায় ৬৭ দশমিক ৯২ কিলোমিটার বাঁধ পুনর্বাসন, ১১ দশমিক ৭৩ কিলোমিটার নদীতীর সংরক্ষণ, ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাধার পুনঃখনন, ২৭টি সেচ অবকাঠামো পুনর্বাসন এবং ৭৭টি ইনলেট নির্মাণ করা হবে। ২০৩০ সালের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।
পরে ফুলগাজীতে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে জেলা পরিষদ ডাকবাংলোতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের উদ্বোধন করবেন তিনি। তিন উপজেলায় সরকারি ভবনে মোট ৯৬২ দশমিক ৫ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। বিকেলে ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ধর্মীয় ব্যক্তিদের সম্মানী প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে ৫১০ জন ফ্যামিলি কার্ড, জেলায় ৭ হাজার ৬৪৩ জন কৃষক কার্ড এবং ফুলগাজীর ২৩৮ জন ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও পুরোহিত সম্মানী পাবেন।



ফেসবুক কর্নার