October 1, 2026, 11:22 pm

মানিকগঞ্জে পানিতে ডুবে ১৩ বছরের কিশোরীর মৃত্যু

নাসির উদ্দিন, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি।

মানিকগঞ্জের হরিরামপুরে পানিতে ডুবে আনিসা আক্তার (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার চালা ইউনিয়নের সট্টি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনিসা ওই গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। তাঁর বাবা কক্সবাজারের একটি হোটেলে চাকরি করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, আনিসা কক্সবাজারের একটি মাদ্রাসায় পড়াশোনা করত।
নিহতের ফুপু পারভীন আক্তার জানান, তাঁর শাশুড়ি অসুস্থ হওয়ায় তাঁকে দেখতে ভাবির সঙ্গে দুই দিন আগে কক্সবাজার থেকে সট্টি গ্রামের বাড়িতে আসেন আনিসা। বৃহস্পতিবার সকালে ফুপার ছোট ছেলেকে সঙ্গে নিয়ে হাঁটতে হাঁটতে সট্টি নতুন ব্রিজসংলগ্ন কুমপাড় এলাকায় যায়। একপর্যায়ে আনিসা পানিতে পড়ে ডুবে যায়। পরে তাঁর ছোট ভাই বাড়িতে গিয়ে বিষয়টি জানালে স্বজনরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।
নিহতের চাচা জাহিদুর রহমান জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আনিসাকে পানিতে ডুবন্ত অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত মেডিকেল অফিসার প্রীতম দে জানান, হাসপাতালে আনার আগেই আনিসার মৃত্যু হয়েছে। হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে.ও.এম. তৌফিক আজম বলেন, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে।



ফেসবুক কর্নার