
কারিগরি সমীক্ষা শেষ হলে আগামী অর্থবছর থেকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসনের নতুন ভবন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে নদীর দুই পাড়ের প্রায় দুই কোটি মানুষের জীবনমানের পরিবর্তন ঘটবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, গত ১৭ বছরের শাসনামলে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়মের প্রভাব এখনো রয়েছে। এসব বিষয়ে সরকার কাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনগণের সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, জনগণ ও প্রশাসন একসঙ্গে কাজ করলে পরিস্থিতির আরও উন্নতি হবে।
কুড়িগ্রামের মানুষের কর্মসংস্থান প্রসঙ্গে আসাদুল হাবিব দুলু বলেন, জেলার মানুষের কর্মসংস্থানের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং সরকারের প্রতি মানুষের আস্থা তৈরি হবে। অনুষ্ঠানে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।