October 5, 2026, 12:36 pm

মালয়েশিয়াগামী ডুবন্ত বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১

অভয়নগর প্রতিবেদক

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে ইঞ্জিন বিকল হয়ে পানিতে ডুবতে থাকা একটি কাঠের বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ ঘটনায় মানব পাচারকারী চক্রের ১১ সদস্যকে আটক করা হয়েছে। নৌবাহিনী জানিয়েছে, উদ্ধার হওয়া অপর ৬৫ জন মালয়েশিয়া যাওয়ার প্রলোভনে প্রতারণার শিকার হয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে সেন্টমার্টিনের অদূরে নিয়মিত টহলের সময় বানৌজা খালিদ বিন ওয়ালিদ এ অভিযান পরিচালনা করে।
নৌবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেন্টমার্টিন লাইট হাউস থেকে প্রায় ৮১ মাইল দূরে এফভি ক্রিস্টাল-১ একটি ইঞ্জিন বিকল অবস্থায় ভাসমান কাঠের বোট দেখতে পায়। বোটে থাকা কয়েকজনের আচরণ সন্দেহজনক মনে হলে নৌবাহিনীকে খবর দেওয়া হয়। পরে টহলরত বানৌজা খালিদ বিন ওয়ালিদ ঘটনাস্থলে পৌঁছে বোটটি উদ্ধার করে। এ সময় বোটে পানি প্রবেশ করছিল। নৌবাহিনীর সদস্যরা দ্রুত পানি নিষ্কাশন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ৭৬ জনকে নিরাপদে উদ্ধার করেন। পরে তাদের প্রাথমিক চিকিৎসা, খাবার ও প্রয়োজনীয় মানবিক সহায়তা দেওয়া হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ১১ জনকে মানব পাচারকারী চক্রের সদস্য হিসেবে শনাক্ত করা হয়। নৌবাহিনী জানায়, উদ্ধার হওয়া অধিকাংশ ব্যক্তিকে পাচারকারীরা টেকনাফের দুর্গম এলাকায় আটকে রেখে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাঠানোর চেষ্টা করছিল। বোটটির ইঞ্জিন ও পানি নিষ্কাশনের পাম্প বিকল হয়ে ভেতরে পানি প্রবেশ করায় যাত্রীদের জীবন ঝুঁকিতে পড়ে। আটক ১১ জন ও জব্দ বোটটি পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য টেকনাফ থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।



ফেসবুক কর্নার