
বলিউড অভিনেতা হৃত্বিক রোশন ও অভিনেত্রী-গায়িকা সাবা আজাদের সম্পর্কের পাঁচ বছর পূর্ণ হয়েছে। বিশেষ দিনটি উপলক্ষে সাবার সঙ্গে কাটানো কিছু অদেখা মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন হৃত্বিক। ইনস্টাগ্রামে প্রকাশিত ছবিগুলোর একটিতে সমুদ্রসৈকতে সূর্যাস্তের সময় সাবাকে জড়িয়ে থাকতে দেখা যায়। অন্য একটি ছবিতে ছুটির সময়ে নদীর ধারে দুজনকে একসঙ্গে দেখা গেছে। ছবির সঙ্গে সাবাকে পঞ্চম বছর পূর্তির শুভেচ্ছা জানান হৃত্বিক।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, হৃত্বিকের ওই পোস্টে মন্তব্য করেন তার সাবেক স্ত্রী সুজান খান। তিনি লিখেছেন, ‘খুবই মিষ্টি। শুভ বার্ষিকী।’ সঙ্গে ভালোবাসার ইমোজিও দেন তিনি। হৃত্বিক ও সুজান ২০০০ সালে বিয়ে করেন। প্রায় ১৪ বছর সংসারের পর ২০১৪ সালে তাদের বিচ্ছেদ হয়। তাদের দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও সন্তানদের নিয়ে বিভিন্ন সময়ে একসঙ্গে দেখা গেছে হৃত্বিক ও সুজানকে।
হৃত্বিক ও সাবার সম্পর্ক প্রকাশ্যে আসে ২০২২ সালে। এরপর বিভিন্ন অনুষ্ঠান ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে তাদের একসঙ্গে দেখা গেছে। কাজের দিক থেকে হৃত্বিককে সর্বশেষ ‘ওয়ার ২’ সিনেমায় দেখা গেছে। অন্যদিকে, সাবা আজাদ সম্প্রতি ‘সংস অব প্যারাডাইস’ সিনেমায় অভিনয় করেছেন। এছাড়া অনুরাগ কাশ্যপের ‘বান্দর’ সিনেমাতেও তাকে দেখা যাবে।