October 5, 2026, 3:12 am

চিরিরবন্দরে নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি।

দিনাজপুরের চিরিরবন্দরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে নজরুল বর্ষ ২০২৬ পালন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) চিরিরবন্দর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা তুজ জোহরা। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার ও সনদ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ, সাহিত্য, সংগীত ও নৃত্য পরিবেশনা আয়োজনটিতে ভিন্নমাত্রা যোগ করে। বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত সাংস্কৃতিক চর্চার মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে দেশীয় সংস্কৃতি, মূল্যবোধ ও জাতীয় কবির প্রতি শ্রদ্ধাবোধ আরও বিস্তৃত হবে। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি শেষ হয়।



ফেসবুক কর্নার