October 5, 2026, 7:15 am

ফতুল্লায় ট্রান্সমিটার বিস্ফোরণে দগ্ধ আরও কিশোরীর মৃত্যু

সালেহ আহমেদ স্টার রিপোর্টার্স নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদরাসার ছাদে খেলার সময় বৈদ্যুতিক ট্রান্সমিটার বিস্ফোরণে দগ্ধ আরও এক কিশোরীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় নিহত শিক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় লামিয়া নামে ওই কিশোরীর মৃত্যু হয়।
চিকিৎসকদের তথ্য অনুযায়ী, লামিয়ার শরীরের প্রায় ৫৫ শতাংশ পুড়ে গিয়েছিল। গত শনিবার সন্ধ্যায় ফতুল্লার হাজীপাড়া এলাকার মাহেলা খাতুন মহিলা মাদরাসার ছাদে কয়েকজন ছাত্রী খেলছিল। এ সময় মাদরাসার পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক লাইনের একটি ট্রান্সমিটার বিস্ফোরিত হয়ে ছাদের ওপর পড়ে। এতে পাঁচ শিক্ষার্থী দগ্ধ হয়। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এরই মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।
বর্তমানে দগ্ধ আরও দুই শিক্ষার্থী সুমাইয়া আক্তার ও আছিয়া আক্তার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের শরীরের যথাক্রমে ৭ ও ১৩ শতাংশ দগ্ধ হয়েছে এবং দুজনের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ সিকদার জানান, লামিয়ার শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল এবং চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।



ফেসবুক কর্নার