October 2, 2026, 11:40 pm

সাদ-সোহেলের নাইটক্লাব ভিডিও নিয়ে মুখ খুললেন আলানা

অভয়নগর প্রতিবেদক

বাংলাদেশের ফুটবলার সাদ উদ্দিন ও সোহেল রানার নাইটক্লাবের ভিডিও নিয়ে মুখ খুলেছেন ইন্দোনেশিয়ার নারী আলানা। শুক্রবার (২ অক্টোবর) এক্স হ্যান্ডলে দেওয়া পোস্টে তিনি দাবি করেন, ভাইরাল হওয়া ছবি ও ভিডিওগুলো দুই মাস আগে নেপালে ধারণ করা। এর আগে ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯-২ গোলে হারের পরপরই ভিডিওগুলো ছড়িয়ে পড়ে। ভিডিওতে সাদ ও সোহেলের সঙ্গে তিন নারীকে দেখা যায় এবং অন্য একটি ভিডিওতে সাদকে গানের তালে নাচতে দেখা যায়।
আলানা লিখেছেন, নেপালে তিনি ভালো মনের ও পেশাদার কয়েকজন বন্ধুর সঙ্গে দেখা করেছিলেন। পোস্টের কারণে কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকলে দুঃখ প্রকাশ করে তিনি জানান, সাধারণত ভ্রমণের সময় কিছু পোস্ট করেন না এবং পরে পোস্ট করেন। তাঁর ভাষ্য, ব্যক্তিগত অবস্থান গোপন রেখে মুহূর্ত উপভোগ করতেই তিনি এমনটি করেন। এর আগে সাদ ও সোহেলও জানিয়েছিলেন, জাতীয় দলের ক্যাম্প শুরুর আগে তারা নেপালে ঘুরতে গিয়ে একটি ক্লাবে আলানার সঙ্গে পরিচিত হন।
তবে আলানার আগের একটি পোস্টের সঙ্গে নতুন বক্তব্যের পার্থক্য দেখা গেছে। আগের পোস্টে তিনি জানিয়েছিলেন, বাংলাদেশে ফুটবলারদের সঙ্গে একটি ক্লাবে দেখা হয়েছিল এবং বাংলাদেশ-ইন্দোনেশিয়া ম্যাচ দেখতে তারা তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। পরে সেই পোস্ট মুছে ফেলেন তিনি। বিভিন্ন অ্যাকাউন্টে ভিডিও ছড়িয়ে পড়ার পর সেগুলো মুছে ফেলার অনুরোধ করেন আলানা। কেউ ভিডিও না সরালে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দেন তিনি।



ফেসবুক কর্নার