
গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ি বাজারে শিশু ও কিশোরীদের ধর্ষণ বন্ধে কঠোর পদক্ষেপ, জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ভূমিহীন সংগঠন ও এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন ভূমিহীন সমিতির জুমারবাড়ি ইউনিয়ন কমিটির সভাপতি সোহাগী বেগম, উপজেলা কমিটির সদস্য প্রিয়নাথ সাহা, ঘুড়িদহ ভূমিহীন সাংস্কৃতিক দলের সভাপতি শফিকুল ইসলাম শফিক এবং নিজেদের করি সংস্থার গাইবান্ধা অঞ্চলের অঞ্চল সমন্বয়কারী মেজবাউদ্দীন। বক্তারা শিশু ও কিশোরীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
বক্তারা বলেন, শিশু ও কিশোরীদের স্বাভাবিক ও নিরাপদ চলাচলের পরিবেশ ফিরিয়ে দেওয়া জরুরি। তারা অবিলম্বে জড়িত সব আসামিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আন্দোলন আরও কঠোর করার হুঁশিয়ারিও দেন তারা।