October 5, 2026, 8:08 am

দৌলতকান্দি স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবি

অভয়নগর প্রতিবেদক

দৌলতকান্দি রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে দীর্ঘদিন ধরে স্থানীয়দের মধ্যে ক্ষোভ রয়েছে। চট্টলা ও তিতাস আন্তঃনগর ট্রেনসহ গুরুত্বপূর্ণ ট্রেনগুলোর যাত্রাবিরতি না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রী, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের। স্থানীয়দের দাবি, স্টেশনটিতে অন্তত আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি চালু করা প্রয়োজন।
স্থানীয় সূত্রে জানা যায়, মুছাপুর, মহেশপুর, রাধানগর, মির্জাপুর ও চাঁদপুর ইউনিয়নের শত শত মানুষ প্রতিদিন দৌলতকান্দি স্টেশন ব্যবহার করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় যাতায়াত করেন। কিন্তু আন্তঃনগর ট্রেনের স্টপেজ না থাকায় তাদের ভৈরবসহ দূরবর্তী স্টেশনে গিয়ে ট্রেনে উঠতে হয়। এতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের।
এলাকাবাসীর মতে, দৌলতকান্দি স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি চালু হলে পাঁচ ইউনিয়নের মানুষের যাতায়াত সহজ হবে এবং রেলওয়ের রাজস্ব আয়ও বাড়তে পারে। এ জন্য দ্রুত রেলওয়ে কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। একই সঙ্গে নরসিংদীর সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলেরও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।



ফেসবুক কর্নার