October 5, 2026, 4:53 pm

জটিলতা কাটিয়ে আজ রূপপুরে আসছে ইউরেনিয়াম

অভয়নগর প্রতিবেদক

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা কাটিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের অতিরিক্ত পারমাণবিক জ্বালানি ইউরেনিয়াম আজ শুক্রবার (২ অক্টোবর) বাংলাদেশে আসার কথা রয়েছে। রাশিয়া থেকে কার্গো বিমানে করে চালানটি দুপুর নাগাদ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা। পরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তা পাবনার ঈশ্বরদীতে রূপপুর প্রকল্প এলাকায় নেওয়া হবে।
রাশিয়ার পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার চালানটি পৌঁছানোর কথা থাকলেও পরিবহন-সংক্রান্ত জটিলতায় সময় পরিবর্তন করা হয়। এর আগে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় ২৪ সেপ্টেম্বর থেকে কয়েক দফা জ্বানি আসার সময় পিছিয়ে যায়। বাংলাদেশে রোসাটমের প্রেস কনসালটেন্ট প্রধান ড. ফরহাদ কামাল জানিয়েছেন, শুক্রবার দুপুর নাগাদ জ্বালানি ঢাকায় পৌঁছাতে পারে। নির্ধারিত আকাশপথে সমস্যা হলে চীন হয়ে বিকল্প পথে আনার প্রস্তুতিও রয়েছে।
এদিকে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতিও এগিয়ে চলছে। অটোমেটিক প্রেশার রিলিফ ভালভের প্রথম ধাপের পরীক্ষা ১৬ মেগাপ্যাসকেল চাপে সফল হয়েছে। এখন ১৮ মেগাপ্যাসকেল চাপে পরবর্তী পরীক্ষা হবে। সংশ্লিষ্টরা বলছেন, শেষ ধাপের পরীক্ষা সফল হলে বিদ্যুৎ উৎপাদনের পথে বড় কোনো কারিগরি বাধা থাকবে না। আগামী অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে দ্বিতীয় ইউনিটের জ্বালানিও বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।



ফেসবুক কর্নার