
ফরিদপুরের বোয়ালমারীতে মেয়েকে তালাকের মাধ্যমে স্বামীর সংসার থেকে ছাড়িয়ে এনে প্রকাশ্য বাজারে দুধ দিয়ে গোসল করেছেন এক মা। শুক্রবার (২ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার বাইখীর চৌরাস্তা বাজারে এ ঘটনা ঘটে। এরই মধ্যে দুধ দিয়ে গোসলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
দুধ দিয়ে গোসল করা ওই নারীর নাম জুলেখা বেগম (৪৬)। তিনি উপজেলার চতুল ইউনিয়নের বড় বাইখীর গ্রামের মহাশিন মোল্লার (৭৪) স্ত্রী। তাদের মেয়ে মনিরা খাতুনকে (৩০) প্রায় ১৪ বছর আগে সুমন শেখ (৩২) নামে এক ব্যক্তির সঙ্গে বিয়ে দেওয়া হয়। জুলেখা বেগমের দাবি, বিয়ের পর থেকেই তার মেয়েকে স্বামী নির্যাতন ও মারধর করতেন এবং নেশাগ্রস্ত অবস্থায় প্রায়ই অত্যাচার করতেন।
জুলেখা বেগম জানান, কয়েক দিন আগে তালাকের মাধ্যমে মেয়েকে স্বামীর সংসার থেকে ছাড়িয়ে আনা হয়েছে। এরপর শুক্রবার সকালে দুধ দিয়ে গোসল করে তিনি নিজের করা ওয়াদা পূরণ করেছেন। মনিরার বাবা মহাশিন মোল্লাও তার মেয়েকে নির্যাতনের অভিযোগ করেন। তবে মনিরার স্বামী সুমন শেখ নেশা ও নির্যাতনের সব অভিযোগ অস্বীকার করেছেন।