October 3, 2026, 12:18 am

দস্যুতার অভিযোগে রাঙ্গাবালীতে ৯ জেলে আটক

রায়হান মাহমুদ, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর রাঙ্গাবালীতে দস্যুতার অভিযোগে ৯ জেলেকে ধরে নৌপুলিশের কাছে সোপর্দ করেছেন ভুক্তভোগী জেলেরা। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের সোনারচরের বড় খাল এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাতে আটক জেলেদের রাঙ্গাবালী থানায় নেওয়া হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, প্রায় ১৫ দিন আগে সোনারচরের দক্ষিণে মাছ ধরার সময় রূপারচরের দিক থেকে একটি ট্রলার এসে তাদের ট্রলার থামিয়ে গতিরোধ করে। এ সময় তাদের মারধর করে তেল, দুই ককসিট মাছ, প্রায় সাড়ে ৪০০ ফুট জাল, মোটর, লাইট ও মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার ওই ট্রলারটি দেখতে পেয়ে চিনতে পারেন ভুক্তভোগীরা।
পরে তারা ট্রলারে থাকা ৯ জেলেকে ধরে চরমোন্তাজ লঞ্চঘাটে নিয়ে নৌপুলিশের কাছে সোপর্দ করেন। আটকরা চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার আহমেদপুর ইউনিয়নের ফরিদাবাদ গ্রামের রাসেল মাঝির মালিকানাধীন ট্রলারের জেলে বলে জানা গেছে। রাঙ্গাবালী নৌপুলিশের ইনচার্জ আন নূর যায়েদ জানান, আটক ট্রলারে অবৈধ জাল পাওয়ায় মৎস্য সংরক্ষণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দস্যুতার অভিযোগের ঘটনায় ভুক্তভোগীরা চাইলে মামলা করতে পারবেন।



ফেসবুক কর্নার