
দেশে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে মশাবাহিত এ রোগ প্রতিরোধে ‘জনসচেতনতা সপ্তাহ’ পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে আগামী ৪ থেকে ১০ অক্টোবর দেশব্যাপী এ কর্মসূচি পালন করা হবে বলে শুক্রবার (২ অক্টোবর) বিকেলে এক বিবৃতিতে জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, আগামী রোববার (৪ অক্টোবর) সকাল ৯টায় রাজধানীর মগবাজারের মধুবাগ খেলার মাঠে কর্মসূচির উদ্বোধন করা হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।
ডেঙ্গু প্রতিরোধে জনগণের সচেতনতা ও অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে এ কর্মসূচি নেওয়া হয়েছে বলে দলটির বিবৃতিতে উল্লেখ করা হয়। একই সঙ্গে দেশবাসী, জামায়াতের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতি ডেঙ্গু প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে। সাম্প্রতিক সময়ে দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা মশার প্রজননস্থল ধ্বংস ও জনসম্পৃক্ততার ওপর গুরুত্ব দিচ্ছেন।