
ইউটিউব ও ফেসবুক দেশের ক্ষতির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর এফডিসিতে ‘কিশোর গ্যাং প্রতিরোধে করণীয়’ শীর্ষক এক বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন বিষয় নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নেবে।
কিশোর গ্যাং প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে চিফ হুইপ বলেন, জুলাই আন্দোলনের পর দেশে অশ্লীল শব্দ ব্যবহারের প্রবণতা বেড়েছে। ভবিষ্যতে অশ্লীল শব্দ ব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। এ সময় ‘মিষ্টিকে’ বহিষ্কারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এর মাধ্যমে সরকার সবার জন্য একটি কঠিন বার্তা দিতে চায়।
এ ছাড়া দেশে তেল-গ্যাসের সংকটের প্রসঙ্গও বক্তব্যে তুলে ধরেন নুরুল ইসলাম মনি। তার অভিযোগ, একটি পক্ষ পরিকল্পিতভাবে কৃত্রিম সংকট তৈরি করে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং এর মাধ্যমে দেশকে আগের মতো সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করতে চায়। বক্তব্যে আওয়ামী লীগ সরকারের আমলে ঘটে যাওয়া বিভিন্ন নৈরাজ্যেরও সমালোচনা করেন তিনি।