
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উদ্ধারকারী ট্রেনের একটি ট্রলির চারটি চাকা লাইনচ্যুত হওয়ার ঘটনায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুর্ঘটনাকবলিত ট্রলিটি উদ্ধার শেষে ডাউন লাইনে ট্রেন চলাচল শুরু হয়। এ ঘটনায় রেলওয়ের এক কর্মী স্বপন আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আখাউড়া রেলওয়ে স্টেশনের কেবিন মাস্টার মাইনুল হক জানান, বিকেল সাড়ে ৪টার দিকে আখাউড়া স্টেশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন সিলেটের উদ্দেশে যাওয়ার সময় স্টেশনের ইয়ার্ডের কাছে ট্রেনটির একটি ট্রলির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার পরপরই রেলকর্মীরা উদ্ধারকাজ শুরু করেন।
আখাউড়া রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী আবু হানিফ পাশা জানান, প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ট্রলিটি উদ্ধার করা হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আখাউড়া রেলওয়ের ট্রাফিক পরিদর্শককে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।