October 2, 2026, 11:34 pm

টাকায় মাদক কারবারিদের ছাড়ার অভিযোগ এসআই মোতালেবের বিরুদ্ধে

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার এসআই মোতালেবের বিরুদ্ধে ৬০ হাজার টাকার বিনিময়ে দুই মাদক কারবারিকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গত ১৭ সেপ্টেম্বর সদর থানার চর বালিয়াঘাটা এলাকায় অভিযান চালিয়ে আঃ হান্নান, সাগর আলী ও খালেদা বেগমকে আটক করা হয়। পরে দেনদরবার শেষে আঃ হান্নানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সাগর আলী ও খালেদা বেগমকে ছেড়ে দেওয়ার অভিযোগ রয়েছে। খালেদা বেগমের দাবি, নগদ ১০ হাজার টাকা ও বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা নেওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়।
খালেদা বেগম অভিযোগ করে বলেন, এসআই মোতালেব তার বাড়িতে প্রবেশ করে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করে তাদের হাতকড়া পরান। পরে দুইজনকে ছেড়ে দেওয়ার জন্য এক লাখ টাকা দাবি করা হয়। ওই টাকা জোগাড় করতে না পেরে তিনি আংটি ও কানের দুল দরগা এলাকার বিকাশ দোকানি আওয়ালের কাছে বন্ধক রেখে ৫০ হাজার টাকা এবং বাড়িতে থাকা নগদ ১০ হাজার টাকা দেন। তার দাবি, এর আগেও তার স্বামীর কাছ থেকে এক লাখ টাকা নেওয়া হয়েছে। তবে ক্যামেরার বাইরে তিনি মাদক ব্যবসার কথা স্বীকার করেন এবং তার স্বামীর বিরুদ্ধে একাধিক মামলা থাকার কথাও জানান।
বিকাশ দোকানি আওয়াল বলেন, তিনি খালেদার বাড়ি থেকে স্বর্ণালংকার নিয়ে এসে তার দেওয়া নম্বরে ৫০ হাজার টাকা পাঠিয়েছেন। অভিযোগের বিষয়ে এসআই মোতালেব বলেন, তিনি কোনো টাকা নেননি এবং মাদকসহ একজন আসামিকে গ্রেপ্তার করে চালান দিয়েছেন। বিকাশ রিসিভার নম্বরে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি একজন ব্যবসায়ী এবং বিষয়টি নিয়ে সাংবাদিক অপুর সঙ্গে কথা বলতে। সদর থানার ওসির ফোন রিসিভ করা পুলিশ কর্মকর্তা আব্দুর রউফ তালুকদার জানান, ওসি প্রশিক্ষণে আছেন; এসআই মোতালেবের বিরুদ্ধে এমন অভিযোগ থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার