
আগামী তিন মাসের মধ্যে কিশোর গ্যাংয়ের তৎপরতা সমূলে উৎখাত করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘কিশোর গ্যাং প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছার চেয়ে সামাজিক আন্দোলনই অধিক কার্যকর’ শীর্ষক ছায়া সংসদে তিনি এ কথা বলেন। তার দাবি, কিশোর গ্যাংয়ের পেছনে প্রভাবশালী মহলের প্রত্যক্ষ মদদ রয়েছে।
চিফ হুইপ বলেন, কিশোররা অস্ত্র ও চাপাতি নিয়ে ঘুরবে না; তারা বই-খাতা নিয়ে স্কুলে যাবে, লেখাপড়া করবে এবং দক্ষতা অর্জন করবে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক প্রযুক্তির যুগে প্রবেশ করবে তারা। তিনি বলেন, সমাজে সন্ত্রাস ও মব সৃষ্টির সঙ্গে যারা যুক্ত, তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। ইউটিউব-ফেসবুকে অপপ্রচারকারীদেরও লাগাম টানা হবে বলে জানান তিনি। অশ্লীল ভাষা বরদাশত করা হবে না বলেও সতর্ক করেন।
অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ক্ষমতার পালাবদলের সঙ্গে সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারি ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িতরা রাজনৈতিক পরিচয় বদলায়। কিশোর অপরাধ নিয়ন্ত্রণে রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি সামাজিক আন্দোলন প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। ছায়া সংসদ বিতর্কে সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বিজয়ী হয়।