October 2, 2026, 10:47 pm

থানায় আট চোরের সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার আরও দুই

অভয়নগর প্রতিবেদক

বগুড়ার ধুনট থানায় চুরির মামলায় গ্রেপ্তার আটজনের সঙ্গে দেখা করতে এসে আরও দুজন গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লার মুরাদনগরের দুলারামপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে মোহাম্মাদ মোস্তফা (৪০) ও কেমতলী গ্রামের ধনু চৌধুরীর ছেলে বাবুল চৌধুরী (৪৮)। শুক্রবার (২ অক্টোবর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ধুনট উপজেলা সদরের ইছামতী ডিজিটাল কমপ্লেক্স মার্কেটের প্রথম তলায় ‘মাসুদ টেলিকম’ দোকানে চুরি হয়। অভিযান চালিয়ে প্রায় তিন ঘণ্টার মধ্যে আটজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে চুরি হওয়া ৯৪টি অ্যান্ড্রয়েড মুঠোফোন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ টাকা। এ ঘটনায় দোকান মালিক মাসুদ রানা বাদী হয়ে মামলা করেন। গ্রেপ্তার আটজন বর্তমানে পুলিশ রিমান্ডে রয়েছেন।
পুলিশ আরও জানায়, ৩০ সেপ্টেম্বর রাতে গ্রেপ্তার আটজনের সঙ্গে দেখা করতে ধুনট থানায় আসেন মোস্তফা ও বাবুল। বিষয়টি সন্দেহজনক মনে হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের গ্রেপ্তার করা হয়। ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বলেন, আটজনের সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ কারণে মোস্তফা ও বাবুলকে ৫১ ধারায় কারাগারে পাঠানো হয়েছে।



ফেসবুক কর্নার