লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের হুক ছিঁড়ে রেল যোগাযোগ বন্ধ
হাবিবুর রহমান নাজমুল মৌলভীবাজার প্রতিনিধি:
Update Time :
Friday, October 2, 2026
/
33 Time View
/
Share
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লাউয়াছড়া বনাঞ্চলে চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের বগি সংযোগকারী হুক ছিঁড়ে সিলেটের সঙ্গে ঢাকা, চট্টগ্রামসহ সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে আঁকাবাঁকা ও পাহাড়ি রেলপথ অতিক্রমের সময় এ ঘটনা ঘটে।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শিপলু সূত্রধর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাহাড়ি রেললাইন অতিক্রমের সময় ট্রেনটির বগি সংযোগকারী হুক আকস্মিকভাবে ছিঁড়ে যায়। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ ঘটনায় বিভিন্ন স্টেশনে কয়েকটি আন্তঃনগর ট্রেন আটকা পড়েছে। ফলে যাত্রীদের মধ্যে ভোগান্তি ও উদ্বেগ দেখা দিয়েছে।
খবর পেয়ে রেলওয়ের কারিগরি ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ট্রেনের ত্রুটি মেরামত এবং রেল যোগাযোগ স্বাভাবিক করার কাজ শুরু করেছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, আটকা পড়া ট্রেন ও যাত্রীদের দুর্ভোগ কমাতে দ্রুততার সঙ্গে উদ্ধার ও মেরামত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তবে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ কখন নাগাদ পুরোপুরি স্বাভাবিক হবে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।