October 2, 2026, 11:38 pm

জিআই স্বীকৃতিতে হাজারী গুড়ের চাহিদা বাড়লেও উৎপাদন সংকট

নাসির উদ্দিন, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুরের ঐতিহ্যবাহী হাজারী গুড় জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ার পর এর চাহিদা বেড়েছে। তবে খেজুরগাছ ও গাছির সংখ্যা কমে যাওয়ায় বাড়তি চাহিদা অনুযায়ী উৎপাদন করা সম্ভব হচ্ছে না। এ সুযোগে নকল হাজারী গুড় তৈরি করে প্রকৃত পণ্যের সুনাম ক্ষুণ্ন করার অভিযোগও উঠেছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাল্লা ইউনিয়নের ঝিটকা মধ্যপাড়া হাজারী পল্লীতে উৎপাদনকারীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব বিষয় উঠে আসে।
হরিরামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খায়রুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান খানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। গাছিরা জানান, বর্তমানে ৩৫টি পরিবার হাজারী গুড় তৈরির সঙ্গে জড়িত। খেজুরগাছের সংকট, জ্বালানি সমস্যা এবং অন্য এলাকায় গিয়ে গাছ কাটার কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে।
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, জিআই স্বীকৃতির পর হাজারী গুড়ের চাহিদা বেড়েছে। উৎপাদন ও বাজারজাতকরণে সংশ্লিষ্টদের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। তিনি জানান, জেলা প্রশাসনের উদ্যোগে খেজুরগাছ রোপণ কর্মসূচি চলছে। পাশাপাশি জ্বালানি সংকট দূর করতে পরীক্ষামূলকভাবে বায়োগ্যাস ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে। বক্তারা হাজারী গুড়ের মান ও ঐতিহ্য রক্ষায় ভেজালবিরোধী অভিযান এবং সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানান



ফেসবুক কর্নার