
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বাংলাদেশের আগামী দিনের ক্ষমতা এনসিপির হাতে যাবে। তিনি বলেন, এই ক্ষমতা বিএনপির হাতেও থাকবে না, জামায়াতের হাতেও যাবে না। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাটে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পাটওয়ারী বলেন, আগামী স্থানীয় নির্বাচনে চাঁদাবাজি, দুর্নীতি ও লুটপাটের টাকা ব্যবহার করে কেউ পেশিশক্তি দেখাতে এলে অভ্যুত্থানের শক্তিরা তাদের প্রতিহত করবে। যেখানে চাঁদাবাজি, রাহাজানি, লুণ্ঠন ও নারী নির্যাতন রয়েছে, সেখানে ঐক্যের কোনো সম্ভাবনা নেই বলেও মন্তব্য করেন তিনি। তার দাবি, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত যে দুর্নীতির মহোৎসব চলেছিল, এখন আবার সেটি শুরু হয়েছে। এ কারণে সীমান্তে পাহারা বসানোরও আহ্বান জানান তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে দাবি করে এনসিপির এই নেতা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকেও তারা ব্যর্থ করে দিতে চান এবং সবার আগে তাকে চেয়ার থেকে নামাতে হবে। প্রবাসীদের দুর্ভোগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিদেশে যাওয়ার পথে অনেকে প্রতারণার শিকার হচ্ছেন এবং বিভিন্ন দূতাবাসে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। জনগণ এসবের হিসাব চাইতে শুরু করলে ‘মাইর একটাও মাটিতে পড়বে না’ বলেও মন্তব্য করেন পাটওয়ারী।