
দীর্ঘ ২২ বছর পর আবারও জিম্বাবুয়ের মাটিতে খেলতে যাচ্ছে ইংল্যান্ড। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র অনুযায়ী, ইংল্যান্ডের চতুর্থ ম্যাচ হবে হারারেতে। ২০ অক্টোবর ২০২৭ অনুষ্ঠেয় ওই ম্যাচে বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দলের মুখোমুখি হবে তারা। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপে ইংল্যান্ড রয়েছে ‘বি’ গ্রুপে। তাদের সঙ্গে আছে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড।
ইংল্যান্ড সর্বশেষ জিম্বাবুয়ের মাটিতে খেলেছিল ২০০৪ সালের নভেম্বর-ডিসেম্বরে। এরপর দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে দীর্ঘ বিরতি তৈরি হয়। ২০২৫ সালের মে মাসে ট্রেন্ট ব্রিজে একমাত্র টেস্ট দিয়ে দুই দলের দ্বিপক্ষীয় ক্রিকেট সম্পর্ক আবার শুরু হয়। ২০০৩ বিশ্বকাপকে ঘিরে দুই দেশের সম্পর্কে তিক্ততা তৈরি হয়েছিল। রাজনৈতিক চাপ ও নিরাপত্তা শঙ্কার মধ্যে ইংল্যান্ডের তৎকালীন অধিনায়ক নাসের হুসেইনের দল জিম্বাবুয়ের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে দেশটিতে যায়নি। ফলে ম্যাচটি জিম্বাবুয়ের পক্ষে পরিত্যক্ত হয় এবং ওই ম্যাচের পয়েন্ট পেয়ে তারা সুপার সিক্সে ওঠে।
এরপর আইসিসির কোনো ইভেন্টে দুই দল মাত্র একবার মুখোমুখি হয়েছে। ২০০৭ সালের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে কেপটাউনে জিম্বাবুয়েকে ৫০ রানে হারায় ইংল্যান্ড। সাম্প্রতিক সময়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্ক আবারও উন্নত হয়েছে। ২০২৭ থেকে ২০৩১ সালের ফিউচার ট্যুর প্রোগ্রাম নিয়েও জিম্বাবুয়েতে ইংল্যান্ডের সফর নিয়ে আলোচনা হয়েছে। আগামী মাসে এ সূচি অনুমোদনের কথা রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও জিম্বাবুয়েতে খেলেছে ইংল্যান্ড এবং ভারতের বিপক্ষে ফাইনালেও অংশ নেয়।