October 5, 2026, 7:18 am

মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচ, লড়বে ২২ নৌকা

নাসির উদ্দিন, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর বেউথা ঘাটে আগামীকাল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ। এতে কুড়িগ্রামের রৌমারী, টাঙ্গাইলের নাগরপুর, পাবনার সাঁথিয়াসহ মানিকগঞ্জের বিভিন্ন উপজেলার ২২টি নৌকা অংশ নেবে। এর মধ্যে খেল্লা-গয়ইটা ১০টি, ঘাসি-ছিপা ৫টি, ছান্দি ৪টি ও পাংসি ৩টি। পাশাপাশি ৭০ ও ৮০ হাত দীর্ঘ দুটি কলাগাছের ভেলাও প্রতিযোগিতায় অংশ নেবে।
নৌকাবাইচ পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মাসুদ পারভেজ জানান, সকাল ১০টায় প্রতিযোগী নৌকাগুলোকে টোকেন দেওয়া হবে এবং দুপুর ১২টায় বাছাইপর্ব শুরু হবে। এবার প্রথমবারের মতো কুড়িগ্রামের রৌমারীর ‘মায়ের দোয়া’ খেল্লা নৌকা অংশ নিচ্ছে। মাঝি মজিবুর রহমান জানান, নৌকাটি নিয়ে রৌমারী থেকে কালীগঙ্গায় পৌঁছাতে তিন দিন সময় লেগেছে। ভারতের শাল কাঠে প্রায় এক বছর ধরে তৈরি নৌকাটির নির্মাণ ব্যয় হয়েছে প্রায় ছয় লাখ টাকা।
চার ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। খেল্লা-গয়ইটা ও ঘাসি-ছিপা বিভাগে বিজয়ী নৌকাকে ১০০ সিসি মোটরসাইকেল এবং ছান্দি ও পাংসি বিভাগে বিজয়ীকে দুটি ইলেকট্রিক বাইক দেওয়া হবে। অংশগ্রহণকারী সব নৌকার জন্য থাকবে বিশেষ পুরস্কার হিসেবে ৮ সিএফটি ফ্রিজ ও পিতলের কাপ। জেলা বিএনপি আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।



ফেসবুক কর্নার