
প্রায় নয় মাস পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। চলতি বছরের ফেব্রুয়ারিতে অসুস্থ হয়ে পড়ার পর চিকিৎসা ও বিশ্রামে ছিলেন তিনি। শনিবার (৩ অক্টোবর) বিকেলে ফেসবুক লাইভে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে তানিয়া বলেন, আগের তুলনায় এখন অনেকটাই ভালো আছেন।
লাইভে এক দর্শকের প্রশ্নের জবাবে তানিয়া জানান, তার কেমোথেরাপি চলছে এবং ছয় মাসের চিকিৎসার মধ্যে তিন মাস শেষ হয়েছে। আরও দুই মাস চিকিৎসা চলার পর কিছু পরীক্ষা করা হবে। এরপর চিকিৎসক পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। দীর্ঘদিন শুটিং থেকে দূরে থাকলেও চলতি মাস থেকেই কাজে ফেরার ইচ্ছা প্রকাশ করে তিনি বলেন, এ নিয়ে কথাবার্তা চলছে।
তানিয়া বলেন, অসুস্থতার কারণে প্রায় নয় মাস শুটিং করতে পারেননি। এখন শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় চিন্তাভাবনা করেই কাজে ফেরার সিদ্ধান্ত নিচ্ছেন। ভক্তদের ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে তাদের প্রত্যাশা পূরণে অভিনয়ে ফিরতে চান বলেও জানান তিনি। এদিকে রায়হান খান নির্মিত ‘ট্রাইব্যুনাল’ সিনেমায় অভিনয়ের কাজ রয়েছে তানিয়ার।