October 3, 2026, 10:56 pm

রাজশাহীতে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সভা অনুষ্ঠিত

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহানগর ও জেলা ওলামা দলের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।
রাজশাহী জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. তাজ উদ্দিন খানের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. শফিকুল হক মিলন। অনুষ্ঠানে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. নজরুল ইসলাম মণ্ডল, বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সভাপতি মো. মামুন অর রশিদ, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশন করা হয়। পরে সভাপতির শুভেচ্ছা বক্তব্য এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় বক্তব্য দেন রাজশাহী জেলা ওলামা দলের সদস্যসচিব কাজী মো. নুরুল আলম। সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত, প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। রাজশাহী জেলার বিভিন্ন উপজেলার ওলামা দলের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার