October 3, 2026, 10:57 pm

নোয়াখালীতে ছেলেকে থানায় দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা

নুশরাত রুমু স্টাফ রিপোর্টার নোয়াখালী
Oplus_131072

নোয়াখালীর সোনাইমুড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা ছেলে সাব্বির আহমদকে থানায় দেখতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন তাঁর বাবা আব্দুল মান্নান (৫৮)। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় বাবা-ছেলেকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার দুপুরে আব্দুল মান্নান ও তাঁর ছেলে সাব্বির আহমদকে (২১) নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন।
সাব্বির আহমদ চাষিরহাট ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তাঁর বাবা আব্দুল মান্নান চাষিরহাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সোনাইমুড়ী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিলের ঘটনায় সাব্বিরকে গ্রেপ্তার করে পুলিশ। ছেলের গ্রেপ্তারের খবর পেয়ে তাঁকে দেখতে থানায় যান আব্দুল মান্নান। পরে তাঁকেও গ্রেপ্তার করা হয়। পরিবারের দাবি, বাবা-ছেলের বিরুদ্ধে এর আগে কোনো মামলা ছিল না।
সোনাইমুড়ী থানার ওসি মো. কবির হোসেন বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



ফেসবুক কর্নার