লক্ষ্মীপুরের রায়পুরে কৃত্রিম সংকটের অজুহাতে সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ১২ কেজির প্রতিটি সিলিন্ডারে অতিরিক্ত ৭০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। গত মাসে যেখানে ১২ কেজির সিলিন্ডার ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৬৫০ টাকায় বিক্রি হয়েছে, গত কয়েক দিনে তা বেড়ে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা।
শনিবার সকালে রায়পুরের প্রধান সড়ক, হল রোড, মীরগঞ্জ রোড, হায়দরগঞ্জ, মোল্লারহাট, খাসেরহাট, বাসাবাড়ী, রাখালিয়া, নতুনবাজার, গাজিনগর ও মিতালিবাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে খুচরা পর্যায়ে বাড়তি দামে এলপিজি বিক্রির চিত্র পাওয়া গেছে। কয়েকজন ব্যবসায়ী জানান, পাইকারি বিক্রেতা ও ডিলারদের কাছ থেকেই তাঁদের বেশি দামে সিলিন্ডার কিনতে হচ্ছে। অন্যদিকে কয়েকজন ব্যবসায়ীর অভিযোগ, ডিলার ও পাইকারি বিক্রেতাদের গোডাউনে পর্যাপ্ত সিলিন্ডার থাকলেও কৃত্রিম সংকট দেখিয়ে বেশি দামে বাজারে সরবরাহ করা হচ্ছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার এবং এলপিজিনির্ভর ক্ষুদ্র ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন।
ক্রেতাদের অভিযোগ, বাজারে গ্যাস না থাকার কথা বলা হলেও বেশি টাকা দিলে সিলিন্ডার পাওয়া যাচ্ছে। স্থানীয় সচেতন মহল কৃত্রিম সংকট ও অতিরিক্ত দামে বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউসার বলেন, বিষয়টি তাঁদের নজরে এসেছে। সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দ্রুত বাজার তদারকি অভিযান শুরু করা হবে। কৃত্রিম সংকট তৈরি ও অতিরিক্ত দামে গ্যাস বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।