গণতান্ত্রিক সমাজ ছাড়া কর্মসংস্থান সম্ভব নয়: তিতুমীর
তানভীর আজাদ স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া
Update Time :
Saturday, October 3, 2026
/
21 Time View
/
Share
গণতান্ত্রিক সমাজ ও জনগণের কাছে জবাবদিহিতা না থাকলে কাঙ্ক্ষিত কর্মসংস্থান তৈরি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। শনিবার (৩ অক্টোবর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ‘শিক্ষা-শিল্পের ঐকতান, কর্মসংস্থানের সমাধান’ প্রতিপাদ্যে আয়োজিত ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিতুমীর বলেন, পতিত সরকার জনগণের ইচ্ছা-আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে পৃষ্ঠপোষকতানির্ভর অর্থনীতি চালু রেখেছিল, যার ফলে যুবসমাজের জন্য অনিশ্চিত ভবিষ্যৎ তৈরি হয়েছে। তিনি জানান, ২০২২ সালের হিসাবে ১৫ থেকে ২৪ বছর বয়সী প্রায় ৩ কোটি ৩৩ লাখ তরুণের মধ্যে বড় একটি অংশ কর্মসংস্থান, শিক্ষা বা প্রশিক্ষণের বাইরে ছিল। খেলাপি ঋণের প্রকৃত পরিমাণও জনগণের কাছে গোপন করা হয়েছিল বলে তিনি অভিযোগ করেন।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন ও কোষাধ্যক্ষসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়িয়ে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, গবেষণা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।