October 5, 2026, 2:08 am

চকরিয়ায় মোটরসাইকেলের চাকার ভেতর ইয়াবা, গ্রেপ্তার ১

আরিফ, স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের চকরিয়ায় মোটরসাইকেলের চাকার ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৭ হাজার পিস ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. নুর মোহাম্মদ লিখন (৩১) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বিকেল ৪টা ৫৫ মিনিটে উপজেলার মালুমঘাট ইউনিয়নের জলদাশ পাড়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পুলিশ চেকপোস্টে অভিযানটি চালানো হয়।
পুলিশ জানায়, কক্সবাজার থেকে আসা রেজিস্ট্রেশনবিহীন সিলভার ও টিয়া রঙের একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হয়। চালকের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি মোটরসাইকেলের চাকার ভেতর ইয়াবা লুকিয়ে রাখার কথা জানান। পরে মোটরসাইকেলটি মালুমঘাট বাজারের আইমান টায়ার অ্যান্ড ভলকানাইজিং ওয়ার্কশপে নিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে সামনের ও পেছনের টায়ারের ভেতর বিশেষ কৌশলে রাখা ৩৮টি প্যাকেট থেকে মোট ১৭ হাজার পিস ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে লিখন কক্সবাজার থেকে এসব ট্যাবলেট কিনে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে শরীয়তপুরে নিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।



ফেসবুক কর্নার