October 5, 2026, 2:08 am

পায়রা সেতুতে কিশোর গ্যাংয়ের উৎপাত, আতঙ্কে পর্যটক

শওকাত হোসেন সদর প্রতিনিধি বরিশাল

পটুয়াখালীর লেবুখালী পায়রা সেতুতে ঘুরতে আসা দর্শনার্থীদের ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় ও হেনস্তার অভিযোগ উঠেছে একটি কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। শনিবার (৩ অক্টোবর) দুপুরে সেতু এলাকায় ১৫-১৬ জনের একটি দল তরুণ-তরুণীদের ঘিরে টাকা দাবি করে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী সূত্রে জানা যায়, সুবিদখালী থেকে আসা মোহাম্মদ আসাদ (২১) সঙ্গীকে নিয়ে সেতুতে ঘুরতে গেলে কিশোররা তাদের ঘিরে ধরে এবং টাকা দাবি করে।
আসাদের অভিযোগ, টাকা না দিলে তাকে সেতুর নিচে নিয়ে কান ধরে উঠবস করানোর হুমকি দেওয়া হয়। একপর্যায়ে তিনি বাধ্য হয়ে ২০০ টাকা দেন। রায়হান শরীফ নামে এক কিশোর তাকে বেশি হেনস্তা করেছে বলেও অভিযোগ করেন তিনি। ঘটনাটি দেখে এক সাংবাদিক কারণ জানতে চাইলে কিশোররা তাকে চলে যেতে বলে। পরে দূর থেকে ছবি তোলার চেষ্টা করলে তারা ওই সাংবাদিককে ধাওয়া করে। তিনি নিরাপদ স্থানে গিয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।
খবর পেয়ে দুমকি থানার এসআই সুমনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে কিশোররা সরে যায়। পুলিশ ভুক্তভোগী ও তার সঙ্গীর সঙ্গে কথা বলে ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছে বলে জানায়। দুমকি থানা পুলিশ বলছে, এ ধরনের চাঁদাবাজির তথ্য আগে তাদের কাছে ছিল না। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় দর্শনার্থী ও স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা নিয়মিত পুলিশি টহল ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার