October 5, 2026, 5:53 am

ময়মনসিংহ স্কুলছাত্রীর সন্তান প্রসব, ধর্ষণের অভিযোগ

জুয়েল মিয়া

ময়মনসিংহের ফুলপুরে দশম শ্রেণির এক স্কুলছাত্রী কন্যাসন্তান প্রসবের পর অভিযুক্ত রনি তালুকদারের বিরুদ্ধে পিতৃত্বের স্বীকৃতি ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন। তিন দিন আগে ঠাকুরবাখাই গ্রামের নিজ বাড়িতে ওই ছাত্রী সন্তান প্রসব করেন। ভুক্তভোগীর অভিযোগ, পর্নোগ্রাফির ভিডিও ধারণ করে ভয়ভীতি দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়। এতে তিনি গর্ভবতী হন বলে দাবি করেছেন।
ভুক্তভোগী ও তার পরিবারের অভিযোগ, প্রথমবার জোরপূর্বক শারীরিক সম্পর্কের পর ভিডিও ধারণ করে তা প্রকাশের ভয় দেখানো হয়। একই সঙ্গে তাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে। ভুক্তভোগীর মা প্রবাসে এবং বাবা কাজের প্রয়োজনে বিভিন্ন স্থানে থাকায় বাড়িতে একা থাকার সুযোগে অভিযুক্ত রনি তাকে বারবার নির্যাতন করেন বলে পরিবারের দাবি। ভুক্তভোগী সদ্যোজাত সন্তানের পিতৃপরিচয়ের স্বীকৃতি ও ন্যায়বিচার দাবি করেছেন।
অভিযুক্ত রনি তালুকদার বিবাহিত এবং তার সন্তান রয়েছে। তিনি ঢাকার একটি মাদ্রাসায় কর্মরত বলে জানা গেছে। অভিযোগ ওঠার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন এবং তার মোবাইল ফোন বন্ধ বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। অভিযুক্তের চাচা দাবি করেছেন, ডিএনএ পরীক্ষায় পিতৃত্ব প্রমাণিত হলে নবজাতক ও তার মাকে সম্মানের সঙ্গে গ্রহণ করা হবে। অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি।



ফেসবুক কর্নার