
বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রে দুই ইউনিট মিলিয়ে সর্বোচ্চ ১ হাজার ৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে প্রথম ইউনিট থেকে ৬৫৬ মেগাওয়াট এবং দ্বিতীয় ইউনিট থেকে ৬৬৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
কেন্দ্রটির প্রধান মানবসম্পদ কর্মকর্তা আনোয়ারুল আজিম জানান, সম্প্রতি যান্ত্রিক ত্রুটির কারণে দ্বিতীয় ইউনিটের উৎপাদন সাময়িকভাবে বন্ধ ছিল। প্রয়োজনীয় মেরামত শেষে ইউনিটটি পুনরায় চালু করা হয়েছে। বর্তমানে দুটি ইউনিট থেকেই নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রয়েছে। দুই ইউনিটের যৌথ উৎপাদন ১ হাজার ৩২১ মেগাওয়াটে পৌঁছানোকে কেন্দ্রটির সর্বোচ্চ যৌথ উৎপাদন হিসেবে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে নির্মিত কেন্দ্রটির প্রক্রিয়া শুরু হয় ২০১০ সালে। ২০১২ সালের ২৯ জানুয়ারি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ও ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশন (এনটিপিসি) চুক্তি সই করে। পরে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। রামপালের রাজনগর ইউনিয়নে প্রায় ১ হাজার ৩৪ একর জমিতে নির্মিত ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রটিতে ৬৬০ মেগাওয়াট করে দুটি ইউনিট রয়েছে।